যুক্তরাষ্ট্রে দুর্গাপূজার অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ডালাস বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। তাঁর অভিযোগ, আমেরিকান এয়ারলাইন্সের কর্মীরা তাঁকে ও তাঁর দলের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে সরিয়ে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির একটি দুর্গাপূজার অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটে উঠতে পারেননি ইমন ও তাঁর সহশিল্পীরা।
ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই গায়িকা। তিনি জানান, নির্ধারিত সময়েই তাঁরা ডালাস বিমানবন্দরে পৌঁছেছিলেন। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ইমনের দাবি, এ বিষয়ে প্রতিবাদ জানালে বিমান সংস্থার কর্মীদের আচরণ আরও খারাপ হয়ে ওঠে। একপর্যায়ে তাঁকে ও তাঁর দলের সদস্যদের ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেওয়া হয়।
গায়িকা আরও অভিযোগ করেন, তাঁদের বাদ্যযন্ত্র নিয়েও অবজ্ঞাসূচক আচরণ করা হয়েছে। পুরো ঘটনায় তাঁরা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েন। পরে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার কথা জানানো হলেও সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনেকে।
তবে সব বাধা পেরিয়ে দলের সদস্যদের নিয়ে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন ইমন চক্রবর্তী। বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে তাঁর তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
