কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মারা যান। নিহত শিক্ষার্থীর নাম লায়লা জাহান নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এক যৌথ শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পরিবার যেন ধৈর্য ও মানসিক শক্তি লাভ করে, সেই প্রার্থনাও জানান।
