মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
আজ সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছে দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও বা তথ্য ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সৌদি আরবের আইন কঠোরভাবে মেনে চলতে হবে। এ ধরনের কর্মকাণ্ড দেশটির আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান পরিস্থিতিসংক্রান্ত ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে এসব ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের সুবিধার্থে কয়েকটি হটলাইন নম্বরও প্রকাশ করেছে দূতাবাস।
যোগাযোগের নম্বরগুলো হলো—
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
মৃত্যুসংক্রান্ত হটলাইন: ৯৬৬৫৭০২১২১৮০
সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
