জিএম কাদেরের বাসভবনে হামলা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১২ অক্টোবর) দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা চালায়। এ ঘটনায় দলের পরবর্তী করণীয় সম্পর্কে পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
জিএম কাদেরের উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তারা জি এম কাদেরের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।
‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জি এম কাদেরের বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে কারাবন্দি জি এম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। ব্যানারে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জি এম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।
বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ বজায় রেখেছে।
বক্তারা অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তাদের দাবি, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
এসময় বিক্ষোভকারীরা জি এম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
