নওগাঁর আত্রাইয়ে কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল ইসলাম। তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর চেতনা, সাম্যবাদী চিন্তা ও দেশপ্রেমের অমিয় বার্তা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলচর্চার মাধ্যমেই নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
