২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’। বিশ্বজুড়ে ২০০ জনেরও বেশি সাবেক ফুটবলার, সাংবাদিক ও বিশ্লেষকদের সমন্বয়ে গঠিত প্যানেলের বিচার-বিশ্লেষণে ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনা করে তৈরি করা হয়েছে এই তালিকা, যেখানে বেশ কিছু চমকপ্রদ অবস্থান দেখা গেছে।
তালিকার শীর্ষস্থানে আছে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বার্সেলোনার তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে শীর্ষে জায়গা করে নেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি রয়েছেন চতুর্থ স্থানে এবং প্যারিস সেন জার্মেইর (পিএসজি) জর্জিয়ান তারকা খভিচা কভারাতসখেলিয়া পঞ্চম স্থান অধিকার করেছেন।
ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি জায়গা করে নিয়েছেন ষষ্ঠ স্থানে। তালিকায় সপ্তম স্থানে রয়েছেন পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজ। শীর্ষ ১০-এর বাকি অবস্থানগুলোতে আছেন যথাক্রমে বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে (অষ্টম), পিএসজির উসমান দেম্বেলে (নবম) এবং বার্সেলোনার তরুণ স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি (দশম)।
তালিকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন রিয়েল মাদ্রিদের একাধিক তারকা। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ১৫তম স্থানে রয়েছেন, যেখানে তার ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র আছেন ২২তম স্থানে। বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ২৮তম এবং তুর্কি প্রতিভা আর্দা গুলার ৪৭তম স্থানে রয়েছেন। আল নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন ৩৩তম স্থানে।
অন্যদের মধ্যে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ১৩তম, পেদ্রি ১৪তম, ফেরান তোরেস ১৭তম এবং দানি অলমো ২১তম স্থানে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া পিএসজির আশরাফ হাকিমি ২০তম স্থানে থাকার পাশাপাশি ভিতিনহা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস ও মার্কিনিয়োসরা বিভিন্ন স্থানে জায়গা পেয়েছেন। ইউরোপের শীর্ষ লিগের বাইরে থেকেও ইন্টার মায়ামির মেসি ও আল নাসরের রোনালদো তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
