লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোল ও প্রথম গোলে অবদানের সুবাদে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ের মধ্য দিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ‘দ্য হেরনস’ খ্যাত দলটি। একই সঙ্গে পেশাদার ফুটবলে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬-এ।
ম্যাচের প্রথমার্ধে জর্জিয়ার দল আটলান্টা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও আক্রমণে বেশি ধার দেখায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে গোল করে এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠ থেকে রদ্রিগো দে পলের বাড়ানো বল জার্মেন বেরতেরামে ও লিওনেল মেসির পা ঘুরে পৌঁছায় লুইস সুয়ারেজের কাছে। চিলির ডিফেন্ডার পাওলো দিয়াজকে কাটিয়ে সুয়ারেজের বাড়ানো নিখুঁত পাস থেকে গোল করেন মেক্সিকান ফরোয়ার্ড বেরতেরামে। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
চলতি লিগে এটি মেসির ১৫তম অ্যাসিস্ট। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে আরও জমে ওঠে ম্যাচ। ৫৬তম মিনিটে দেখা যায় মেসির জাদু। মাঝমাঠের ডান দিক থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যান আর্জেন্টাইন তারকা। বেরতেরামের সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু পাসের সমন্বয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে ড্রিবল করে কাটিয়ে আটলান্টার গোলরক্ষক লুকাস হোয়োসের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান মেসি। এতে ব্যবধান বেড়ে হয় ২-০।
এর চার মিনিট পর, ৬০তম মিনিটে আবারও গোল করেন মেসি। নিজেদের অর্ধ থেকে লুইস সুয়ারেজের বাড়ানো দূরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে কাটিয়ে নিখুঁত শটে দলের তৃতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
চলতি মৌসুমে এটি মেসির ২৪তম ও ২৫তম গোল। এর ফলে লিগের গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। এমএলএসের ইতিহাসে জোসেফ মার্তিনেজের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিয়মিত মৌসুমে দুইবার অন্তত ২৫টি করে গোল করার কীর্তি গড়েছেন মেসি।
চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির মোট অবদান দাঁড়িয়েছে ৪০-এ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া সর্বোচ্চ ৪৯টি গোল অবদানের রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র ৯টি। এ জন্য হাতে রয়েছে আরও চারটি ম্যাচ।
ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টার হয়ে ব্যবধান কমান হাইতিয়ান ফরোয়ার্ড ফাফা পিকল্ট। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। সাবেক কোচ হেরার্দো ‘তাতা’ মার্তিনোর দল আটলান্টার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। একই সঙ্গে প্লে-অফে খেলার যোগ্যতাও নিশ্চিত করেছে দলটি।
এমএমটি
-20261018062927.jpg&w=1440&q=75)