Published on
:
1 min read
বলিউডের অন্যতম আলোচিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই ছবিতে একেবারে শেষের দিকে বিশেষ উপস্থিতিতে দর্শকদের চমকে দিয়েছিলেন ইয়ামি গৌতম। অল্প সময়ের জন্য পর্দায় এলেও তাঁর চরিত্রের উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের।
ছবির পরিচালক আদিত্য ধর অভিনেত্রীর স্বামী। ফলে ছবিতে ইয়ামির ক্যামিও ঘিরে দর্শকদের কৌতূহলের পাশাপাশি শুরু হয়েছিল পারিশ্রমিক নিয়েও নানা আলোচনা। শোনা যাচ্ছিল, এই বিশেষ উপস্থিতির জন্য নাকি মোটা অঙ্কের টাকা পেয়েছেন অভিনেত্রী। এ বার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন ইয়ামি নিজেই। তাঁর স্পষ্ট বক্তব্য, ক্যামিওর জন্য বড় অঙ্কের চেক পাওয়ার যে খবর প্রকাশ্যে এসেছিল, তা পড়ে অবাক হয়েছিলেন তিনি। বরং আদিত্যর পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাকেই নিজের পারিশ্রমিক বলে মনে করেন অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইয়ামি গৌতম। অনুষ্ঠানের সঞ্চালক মাধুরী দীক্ষিতের সঙ্গে কথোপকথনের সময় উঠে আসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ তাঁর বিশেষ উপস্থিতির প্রসঙ্গ। ছবিটি দেখে মাধুরী নিজের ভালো লাগার কথা জানান। তার পরেই ইয়ামিকে প্রশ্ন করেন, স্বামী আদিত্য ধরের ছবিতে অভিনয়ের জন্য তিনি কি পারিশ্রমিক পেয়েছিলেন, নাকি পরিচালকের অনুরোধেই ক্যামিও করতে রাজি হয়েছিলেন?
উত্তরে ইয়ামি বলেন, 'আমি কোথাও পড়েছিলাম যে ক্যামিওর জন্য আমি নাকি খুব বড় অঙ্কের চেক পেয়েছি। সেটা পড়ে আমি ভেবেছিলাম, এ আবার কী! তবে আমার মনে হয়, কিছু কিছু জিনিসের মূল্য টাকায় মাপা যায় না।'
অভিনেত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট, তাঁর কাছে ছবিতে কাজ করার অভিজ্ঞতাটি আর্থিক পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যামিওর জন্য কত টাকা পেয়েছেন, সেই প্রশ্নের সরাসরি কোনও অঙ্ক না জানালেও বড় চেক পাওয়ার খবরকে কার্যত নাকচ করেছেন তিনি।
