বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সাঈদা কামাল কবি সুফিয়া কামালের মেয়ে। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বেসরকারি প্রতিষ্ঠান আমরাই পারি–এর চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন।
সুলতানা কামাল জানান, নিউমোনিয়া ও কিডনিসংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে সাঈদা কামাল চিকিৎসাধীন ছিলেন। শনিবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সাঈদা কামালের লাশ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার একমাত্র মেয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর আগামী মঙ্গলবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
সাঈদা কামাল তার সৃজনশীল শিল্পকর্মের মধ্য দিয়ে দেশের চারুশিল্পে অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় শিক্ষা লাভের পর তিনি শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে প্রশিক্ষণ নেন। দেশ-বিদেশে তার অনেক একক আর যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সাঈদা কামাল তার বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কর্মরত ছিলেন। এ অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র (CinC’s Special Commendation’) লাভ করেন।