দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত চট্টগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সংগঠনটির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক বখতিয়ার হোসেন বলেছেন, ৫ আগস্টের আগে যুবলীগের হাতে যুবলীগকে খুন হতে হতো, আর এখন যুবদলের হাতে যুবদল খুন হচ্ছে।
সম্প্রতি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ফজলুল আমিনকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশে তাঁরা এমন কোনো ঘটনা আর দেখতে চান না।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের এফ রহমান হলে জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির মিট দ্য প্রেস ও পরিচিতি সভায় এসব কথা বলেন বখতিয়ার হোসেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র যুব সংগঠন জাতীয় যুবশক্তি, যাদের বিরুদ্ধে এক টাকা চাঁদাবাজিরও কোনো অভিযোগ নেই। নিজ দলের লোকদের হাতে খুন হতে না চাইলে জাতীয় যুবশক্তিতে যোগ দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বখতিয়ার হোসেন। সঞ্চালনা করেন সদস্যসচিব মো. ইসমাইল।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইরফাত ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর শোয়েব ও সদস্যসচিব আরিফ মইনুদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আকরামুল হক ও সদস্যসচিব আব্দুল করিম টিপু এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব খান তালাত রাফি।
মিট দ্য প্রেসে জাতীয় যুবশক্তির নবগঠিত কমিটির নেতারা তাঁদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহি ও যোগ্য নেতৃত্ব বিকাশের মাধ্যমে দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে চান তাঁরা।
তরুণদের শক্তিকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে নিরাপদ, পরিচ্ছন্ন, কর্মসংস্থানবান্ধব ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন নেতারা। পরে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
