অভিনেত্রী সোহানা সাবা দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওর ক্যাপশনে এমন ইঙ্গিত দেন তিনি। একই দিন জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে আদালতেও যান এই অভিনেত্রী।
জানা গেছে, ১৯ অক্টোবর সোহানা সাবার একমাত্র ছেলের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে আদালতে হাজির হতে হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। ভিডিও বার্তায় নিজের পরিস্থিতির কথা তুলে ধরে জানান, জন্মদিনের পরিকল্পনা বাদ দিয়ে তাকে আদালতে আসতে হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে সোহানা সাবা লেখেন, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো একজন ব্যক্তির জীবন’। তার এই বক্তব্যের মধ্য দিয়ে নিজের বর্তমান পরিস্থিতি বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সমালোচকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তাদের উদ্দেশে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ এবং ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দ ব্যবহার করেন তিনি। পাশাপাশি সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও মন্তব্য করেন।
ছেলের জন্মদিনে আদালতে হাজিরা এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানোর শিকার বলে উল্লেখ করে দেওয়া তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
