রাজবাড়ীর দৌলতদিয়ায় নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ছয় লাখ টাকাসহ মৌসুমি আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মৌসুমি আক্তার ওই এলাকার মৃত জালাল শেখের মেয়ে। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মৌসুমি আক্তারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌসুমি আক্তারের বাড়ি থেকে হেরোইন ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও অধিদপ্তরের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শক রাসেল আরও বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান নিয়মিত চলছে এবং তা অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে মৌসুমি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
