দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রকাশিত প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের মূল বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। এতে অংশ নিতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার চাকুরিপার্থী।
পরবর্তীতে ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে থেকে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আয়োজিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তখন পিএসসির পক্ষ থেকে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল, যার মধ্য থেকে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ১,৭০২ জনের গেজেট জারি করল সরকার।
