বাংলা সাহিত্যের ইতিহাসে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এক স্বতন্ত্র ও প্রতিবাদী কবিসত্তার নাম। তার কবিতায় প্রেমের কোমলতা, বিরহের বেদনা, স্বদেশের প্রতি গভীর ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে তীব্র দ্রোহ একাকার হয়ে উঠেছে। তিনি ছিলেন এমন এক কবি, যিনি কবিতাকে শুধু সৌন্দর্য প্রকাশের মাধ্যম হিসেবে দেখেননি; বরং মানুষের অধিকার, সাম্য, স্বাধীনতা ও মুক্তির আকাক্সক্ষা প্রকাশের শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। স্বল্পায়ু জীবনে তিনি বাংলা কবিতায় যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন, তা আজও পাঠককে আলোড়িত করে।
জন্ম ও শৈশব
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, বাংলা ২৯ আশ্বিন, বরিশাল জেলার আমানতগঞ্জের রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার পিতা ডা. শেখ ওয়ালীউল্লাহ (১৯৩০-১৯৯৬) এবং মাতা শিরিয়া বেগম (১৯৩৯-২০০৪)। তাদের পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার সাহেবের মেঠ গ্রামে। দশ ভাইবোনের মধ্যে রুদ্র ছিলেন সবার বড়। তার শৈশবের অধিকাংশ সময় কেটেছে মোংলার মিঠেখালী গ্রামে, নানাবাড়িতে। সেখানকার পাঠশালায় তার শিক্ষাজীবনের সূচনা হয়। ১৯৬৪ সালে তিনি ইসমাইল মেমোরিয়াল স্কুলে দ্বিতীয় শ্রেণিতে এবং ১৯৬৬ সালে সেন্ট পলস উচ্চবিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। ছোটবেলা থেকেই বই পড়া, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকা-ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। ১৯৬৮ সালে মামাতো ভাইদের সঙ্গে নিয়ে ‘বনফুল’ নামে একটি লাইব্রেরি গড়ে তোলেন। খেলাধুলার প্রতিও তার আগ্রহ ছিল; কিশোর বন্ধুদের নিয়ে মোংলার প্রথম ক্রিকেট দল গঠনের উদ্যোগ নেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে কিশোর রুদ্র হরতাল, মিছিল ও সভা-সমাবেশে অংশ নেন। ১৯৭০ সালে ‘কালো টাইয়ের ফাঁস’ নাটকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দেন। এসব অভিজ্ঞতা তার মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও সমাজসচেতনতার বীজ বপন করে।
মুক্তিযুদ্ধ ও শিক্ষাজীবন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রুদ্র ছিলেন নবম শ্রেণির ছাত্র। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার প্রবল আকাক্সক্ষা থাকলেও পাকিস্তানি সেনাদের হাতে পিতার আটক হওয়ার পর তার মা তাকে যুদ্ধে যেতে দেননি। যুদ্ধের নির্মমতা, হত্যাযজ্ঞ এবং স্বাধীনতার আকাক্সক্ষা তার চিন্তাজগতে গভীর প্রভাব ফেলে। চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে সরে এসে তিনি সাহিত্য ও সংস্কৃতির জগতে নিজেকে আরও নিবিড়ভাবে যুক্ত করেন।
১৯৭২ সালে ঢাকায় এসে ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে দশম শ্রেণিতে ভর্তি হন। এ সময় থেকে কবিতা, গান, গল্প ও নাটক লেখায় নিয়মিত হয়ে ওঠেন। একই বছরের ২৬ নভেম্বর দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত হয় তার কবিতা ‘আমি ঈশ্বর আমি শয়তান’। ১৯৭৩ সালে তিনি ‘দুর্বিনীত’ নামে একুশের সংকলন প্রকাশে সহযোগী সম্পাদকের ভূমিকা পালন করেন এবং বেতারে স্বরচিত ‘এখনো বেঁচে আছি’ কবিতা পাঠ করেন। এসএসসি পরীক্ষার নিবন্ধনে নিজের নামের সঙ্গে ‘রুদ্র’ যুক্ত করার মধ্য দিয়ে তিনি পরিচিত হন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ নামে। পরে ঢাকা কলেজে মানবিক বিভাগে পড়াশোনা করেন এবং ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হন। ১৯৮৪ সালে সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাহিত্যকর্ম ও কবিতার বৈশিষ্ট্য
রুদ্রের সাহিত্যজীবন ছিল সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষা, প্রতিবাদ ও নতুন প্রকাশভঙ্গির অনুসন্ধানে পরিপূর্ণ। ১৯৭৪ সালে তিনি ‘অনামিকার অন্য চোখ এবং চুয়াত্তরের প্রসব যন্ত্রণা’ এবং ১৯৭৫ সালে ‘অশ্লীল জ্যোৎস্নায়’ নামের কবিতাপত্র সম্পাদনা করেন। ১৯৭৮ সালে আলী রীয়াজ ও মঈনুল আহসান সাবেরের সঙ্গে যৌথভাবে প্রকাশ করেন প্রবন্ধ সংকলন ‘স্বরূপ অন্বেষা’। সাহিত্য প্রকাশনার উদ্দেশ্যে কবিবন্ধুদের নিয়ে গড়ে তোলেন ‘রাখাল’ নামের প্রকাশনা সংস্থা। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূল। বইটি তরুণ পাঠক ও কাব্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। ১৯৮০ সালে এ গ্রন্থের জন্য তিনি মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১), মানুষের মানচিত্র (১৯৮৪), ছোবল (১৯৮৬), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮) এবং মৌলিক মুখোশ (১৯৯০)।
তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হলোÑ দ্রোহ, প্রেম, স্বদেশচেতনা ও মানবিক মূল্যবোধ। অন্যায়, শোষণ, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তার বহুল আলোচিত কবিতা ‘বাতাসে লাশের গন্ধ’ মুক্তিযুদ্ধের বেদনা ও জাতীয় ইতিহাসের নির্মম বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরে। তার ভাষা ছিল সহজ, সাবলীল, আবেগপূর্ণ ও শক্তিশালী। ব্যক্তিগত বেদনা তার কবিতায় কখনো সামাজিক বেদনায় রূপ নিয়েছে, আবার প্রেমের অনুভূতি কখনো বৃহত্তর মানবপ্রেমের প্রকাশ ঘটিয়েছে।
প্রেম, সংগীত ও সাংস্কৃতিক আন্দোলন
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতায় প্রেম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তার প্রেমের কবিতায় আকাক্সক্ষা, বিচ্ছেদ, অভিমান ও নিঃসঙ্গতার গভীর প্রকাশ রয়েছে। ১৯৮১ সালের ২৯ জানুয়ারি তিনি লেখক তসলিমা নাসরিনকে বিয়ে করেন। ১৯৮৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে তার সাহিত্যকে কেবল ব্যক্তিগত প্রেম ও বিরহের মধ্যে সীমাবদ্ধ করা যায় না; সমাজ, রাজনীতি ও মানুষের অধিকারও তার কবিতার গুরুত্বপূর্ণ বিষয়।
১৯৮২ সালে স্বৈরাচারবিরোধী সাংস্কৃতিক আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত সংগ্রামী সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। পরবর্তী সময়ে এই সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট নামে পরিচিতি লাভ করে। ১৯৮৭ সালে প্রথম জাতীয় কবিতা উৎসব আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উৎসবের উদ্বোধনী সংগীত ‘শৃঙ্খল মুক্তির জন্যে কবিতা আজ’ তারই রচনা। ১৯৮৮ সালে কবিতা পরিষদের অভ্যন্তরীণ স্বৈরাচারী প্রবণতার সমালোচনা করে তিনি নিজের নীতিগত অবস্থান স্পষ্ট করেন। এ ঘটনা তার আপসহীন প্রতিবাদী চরিত্রের পরিচয় বহন করে। ১৯৮৯ সালের দিকে তিনি গান রচনা ও সুরারোপে বিশেষভাবে মনোনিবেশ করেন। তার রচিত ‘ভালো আছি ভালো থেকো’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই গানের জন্য তিনি ১৯৯৭ সালে মরণোত্তর শ্রেষ্ঠ গীতিকারের সম্মাননা লাভ করেন। গ্রামেও তিনি সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত ছিলেন এবং ‘অন্তর বাজাও’ নামে গানের সংগঠন গড়ে তোলেন।
মৃত্যু ও সাহিত্যিক উত্তরাধিকার
১৯৯১ সালে রুদ্র বাংলাদেশ সংগীত পরিষদের প্রকাশনা সচিব নির্বাচিত হন। একই বছর উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ‘মানুষের জন্য মানুষ’ সংকলন সম্পাদনা করেন। কিন্তু দীর্ঘদিনের অসুস্থতার পর ১৯৯১ সালের ২১ জুন, মাত্র ৩৪ বছর বয়সে, ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধে তার মৃত্যু হয়।
তার অকালপ্রয়াণ বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তার কবিতা, গান ও প্রতিবাদী চেতনা আজও পাঠকের হৃদয়ে বেঁচে আছে। তার সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।