Published on
:
2 min read
ফিটনেস এবং স্টাইলের জন্য বরাবরই চর্চায় থাকেন বলিউড অভিনেতা সইফ আলি খান। তবে ‘ছোটে নবাব’ এ বার খবরের শিরোনামে এসেছেন সম্পূর্ণ ভিন্ন একটি কারণে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এসে সইফ প্রকাশ করেছেন যে তিনি ‘ল্যাক্টোজ় ইনটলারেন্স’-এর শিকার! শো চলাকালীন বিভিন্ন অ্যালার্জি টেস্ট করানোর কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাঁর পেটে দুধ বা দুগ্ধজাত খাবার একেবারেই সহ্য হয় না। সইফের এই স্বীকারোক্তির পরেই স্বাস্থ্যমহলে ল্যাক্টোজ় ইনটলারেন্স এবং এর নেপথ্য কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ল্যাক্টোজ় ইনটলারেন্স আসলে কী?
ল্যাক্টোজ় ইনটলারেন্স হলো একটি সাধারণ পরিপাকজনিত সমস্যা। দুধ ও অন্যান্য দুগ্ধজাত খাবারে ‘ল্যাক্টোজ়’ নামক এক ধরনের প্রাকৃতিক শর্করা বা চিনি থাকে। আমাদের ক্ষুদ্রান্ত্রে ‘ল্যাক্টেজ়’ নামক একটি এনজ়াইম বা উৎসেচক তৈরি হয়, যা ল্যাক্টোজ়কে ভেঙে সরল শর্করায় পরিণত করে রক্তপ্রবাহে মিশতে সাহায্য করে। কিন্তু যাঁদের শরীরে এই ল্যাক্টেজ এনজ়াইমের পর্যাপ্ত উৎপাদন হয় না, তাঁদের শরীর ল্যাক্টোজ় হজম করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ, অপাচ্য ল্যাক্টোজ় কোলনে পৌঁছে অন্ত্রের ব্যাকটেরিয়ার সঙ্গে ফারমেন্টেড হয়ে অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা ও অস্বস্তির সৃষ্টি করে।
ল্যাক্টোজ় ইনটলারেন্স কি জিনগত?
সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে ল্যাক্টোজ ইনটলারেন্স মানেই বুঝি তা জন্মগত বা বংশগত। তবে চিকিৎসকদের মতে, এই ধারণা সবসময় সত্যি নয়। চিকিৎসকরা বলছেন, দুধ খাওয়ার পরে হজমের গন্ডগোল হতেই পারে। বয়সের সঙ্গে সঙ্গে তা আবার সেরেও যায়। অন্য কোনও অভ্যন্তরীণ সমস্যার কারণেও এটি হতে পারে। তবে ল্যাক্টোজ় ইনটলারেন্স বিষয়টা একেবারেই আলাদা।
ল্যাক্টোজ় ইনটলারেন্স-এর আবার চারটি পর্যায় রয়েছে ।
প্রাইমারি ল্যাক্টোজ় ইনটলারেন্স: এটি সবচেয়ে সাধারণ এবং এর নেপথ্যে জিনের ভূমিকা রয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে শরীরে ল্যাক্টেজ়ের উৎপাদন কমতে থাকে।
সেকেন্ডারি ল্যাক্টোজ় ইনটলারেন্স: এটি কোনও জন্মগত সমস্যা নয়, বরং অর্জিত সমস্যা। সেলিয়াক ডিজ়িজ়, ক্রোহনস ডিজ়িজ় বা পেটের গুরুতর সংক্রমণের ফলে ক্ষুদ্রান্ত্রের আস্তরণ ক্ষতিগ্রস্ত হলে এই সমস্যা দেখা দেয়। তবে অন্ত্র সুস্থ হয়ে গেলে এটি ঠিকও হতে পারে।
কনজেনিটাল ল্যাক্টোজ় ইনটলারেন্স: এটি একটি অত্যন্ত বিরল জিনগত ত্রুটি, যেখানে শিশুরা জন্ম থেকেই ল্যাক্টেজ এনজ়াইম ছাড়াই জন্মায়।
ডেভেলপমেন্টাল ল্যাক্টোজ ইনটলারেন্স: প্রিম্যাচিওর বা অপরিণত শিশুদের ক্ষেত্রে সাময়িক ভাবে এই সমস্যা দেখা যায়, যা বয়স বাড়লে ঠিক হয়ে যায়।
প্রধান লক্ষণ ও উপসর্গ
দুধ বা দুগ্ধজাত কোনও খাবার খাওয়ার ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যে এর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। ব্যক্তির শারীরিক সক্ষমতা ও খাওয়ার পরিমাণের উপর নির্ভর করে লক্ষণগুলো মৃদু বা তীব্র হতে পারে।
পেট ফাঁপা ও পেটে ক্র্যাম্প বা মোচড় দেওয়া।
অতিরিক্ত গ্যাস বা বায়ুর সমস্যা।
ডায়েরিয়া।
বমি ভাব এবং পেটে গড়গড় শব্দ হওয়া।
ল্যাক্টোজ় ইনটলারেন্স বনাম মিল্ক অ্যালার্জি
অনেকেই ল্যাক্টোজ় ইনটলারেন্স-এর সঙ্গে দুধের অ্যালার্জি-কে গুলিয়ে ফেলেন। চিকিৎসকদের মতে, দুধের অ্যালার্জি হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের একটি প্রতিক্রিয়া, আর ল্যাক্টোজ় ইনটলারেন্স হলো সম্পূর্ণ ভাবে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা।