হিন্দু দেবদেবী থেকে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে বিকৃত এবং ব্যঙ্গাত্মক পোস্ট করেন। এই অভিযোগে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার এক নেটপ্রভাবী যুবক। রবিবার ধৃতকে দাঁতন আদালতে হাজির করানো হয়েছিল। ৪ নভেম্বর পর্যন্ত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুরজিৎ শী। সমাজমাধ্যমে ভিডিয়ো বানান তিনি। সম্প্রতি সুরজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক জন ব্যক্তি। অভিযোগ অনুযায়ী, সমাজমাধ্যমে হিন্দু দেবদেবীকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকেন ওই যুবক।
তাছাড়াও গত বেশ কিছু দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়েও কুরুচিকর পোস্ট করতেন বলে অভিযোগ। তার ভিত্তিতে দাঁতন থানার পুলিশ সুরজিতকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯৭ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু হয়েছে।
দাঁতনের বজরং দলের ‘সংযোজক’ সায়নদীপ দাসের মন্তব্য, ‘‘বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আমাদের দেবদেবী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং আরএসএস-কে নিয়ে বহু ভিডিয়ো কন্টেন্ট তৈরি করেছে ওই যুবক। এরা দাঁতনের ককরোচ। হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা করে। এটা আমাদের চোখে ভুল। আমরা আইনের দ্বারস্থ হয়েছি।’’
