মুন্সীগঞ্জের সিরাজদিখানে গিরিনগরের ৬৪ বছরের পুরোনো শিশুদের খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগে প্রায় ৫০০ গ্রামবাসী মানববন্ধন করে মালিকানার বৈধ কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং মাঠটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগরে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন প্রায় ৫০০ গ্রামবাসী। শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রায় ৬৪ বছর ধরে ব্যবহৃত গিরিনগর জোনাকি সংসদের খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ তুলে এর মালিকানা দাবিকারীদের বৈধ কাগজপত্র দেখানোর আহ্বান জানান এলাকাবাসী। একই সঙ্গে মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ করায় গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লাকে নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদেরও প্রতিবাদ জানান তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, প্রায় ৬৪ বছর ধরে গিরিনগর জোনাকি সংসদের মাঠটি তিন গ্রামের শিশু-কিশোর ও সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। মাঠটি শিশুদের খেলাধুলা, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্থান। এটি রক্ষা করা শুধু একটি জায়গা সংরক্ষণ নয়, বরং আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার বিষয়।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত জায়গাটি দখলের চেষ্টা চলছে। যারা মাঠের মালিকানা দাবি করছেন, তাঁদের বৈধ কাগজপত্র দেখানোর আহ্বান জানান তাঁরা। এলাকাবাসী বলেন, বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলে বিষয়টি মেনে নেওয়া হবে। অন্যথায় বর্তমান বাজারমূল্য অনুযায়ী জমির মূল্য পরিশোধ করে মাঠটি রক্ষার বিষয়েও তাঁরা আগ্রহী।
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও এলাকার অভিভাবক মো. খোরশেদ আলম বলেন, “আমাদের সন্তানদের খেলাধুলার জন্য এই মাঠটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তারা এখানে খেলাধুলা করে আসছে। মাঠটি দখল হয়ে গেলে শিশুদের খেলার জায়গা থাকবে না। আমরা চাই, মাঠটি রক্ষা করা হোক এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা হোক।”
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, প্রায় ৬৪ বছর ধরে তিন গ্রামের মানুষ এই মাঠ ব্যবহার করছেন। মাঠটি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। কুদ্দুস বেপারী, মো. বাদল, নাসির বেপারী, মাহমুদুল হাসান মৃদুল, আফসানা ইনাম আশা, ফেরদৌস বেপারী ও মো. বাঁধনসহ যাঁরা জমির মালিকানা দাবি করছেন, তাঁদের বৈধ কাগজপত্র দেখানোর আহ্বান জানান তিনি। কাগজপত্র যাচাই করে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ারও দাবি জানান।
দুই অভিভাবক শহিদুল ইসলাম বাবু ও মাসুদ রানা বিপ্লব বলেন, তাঁরা কোনো ধরনের সংঘাত চান না। প্রশাসন জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুক। শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন তাঁরা।
গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লা বলেন, এই মাঠের সঙ্গে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের সম্পর্ক ও আবেগ জড়িয়ে রয়েছে। প্রায় ৬৪ বছর ধরে মাঠটি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। মাঠ রক্ষার দাবিতে কথা বলায় তাঁকে নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “আমরা চাই, প্রকৃত ঘটনা তুলে ধরা হোক এবং কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত নেওয়া না হোক।”
তিনি আরও বলেন, যাঁরা জমির মালিকানা দাবি করছেন, তাঁরা যেন বৈধ কাগজপত্র উপস্থাপন করেন। কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে আইনসম্মত ও শান্তিপূর্ণ সমাধান চান তাঁরা। কারও সঙ্গে বিরোধ সৃষ্টি করা তাঁদের উদ্দেশ্য নয়; তাঁরা চান, শিশুদের খেলার মাঠটি রক্ষা পাক এবং এলাকার মানুষ ন্যায়বিচার পান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠটির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মাঠটি রক্ষার দাবি জানান তাঁরা।
