কালবেলা · সাধারণ
ভ্যানে বসে থাকা যুবদল নেতাকে পেছন থেকে গুলি
২৪/১০/২০২৬

খুলনার তেরখাদায় ভ্যানে বসে থাকা যুবদল নেতা রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কে খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ রামীম বিশ্বাস (৩২) মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রামীম একটি ভ্যানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। হামলার কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে, এ ঘটনার পর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির মধুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. বিলাল মোল্লা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
মূল প্রতিবেদনে যান ↗