ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আরকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কিংফিশার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।
দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
