দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক সফল অলরাউন্ডার চামিন্দা ভাস। এর মধ্য দিয়ে আইপিএলে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি, যা তার আইপিএল ক্যারিয়ারের প্রথম কোচিং অ্যাসাইনমেন্ট। ২০২৭ আসরকে সামনে রেখে এই মেগা পরিবর্তন এনেছে দলটি।
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই বোলার টেস্টে ৩৫৫ এবং একদিনের আন্তর্জাতিকে ৪০০ উইকেটের মালিক। নতুন কোচিং প্যানেলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলী। এর আগে চলতি সপ্তাহে যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। মূলত গত দুই মৌসুম ধরে বোলিং কোচের দায়িত্ব পালন করা মুনাফ প্যাটেলের স্থলাভিষিক্ত হচ্ছেন বাহান্ন বছর বয়সী চামিন্দা ভাস।
কোচিং ক্যারিয়ারে এর আগে ভিন্ন তিনটি মেয়াদে শ্রীলঙ্কা পুরুষ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ভাস। নিউজিল্যান্ড দলের সঙ্গে একটি সংক্ষিপ্ত চুক্তির মাধ্যমে কোচিংয়ে আত্মপ্রকাশ করার পর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা দলের দায়িত্বে ছিলেন। এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন এবং পরবর্তীতে আবারও শ্রীলঙ্কা দলে ফিরে আসেন।
খেলোয়াড় হিসেবেও আইপিএলের আঙিনায় দারুণ অভিজ্ঞতা রয়েছে চামিন্দা বাসের। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। ওই সময়ে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৩টি ম্যাচ খেলে ১৮ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার।
