
ঝালকাঠিতে লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত
মরমী সাধক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় লালন সাঁইয়ের জীবনদর্শন, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী দর্শন এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বসির গাজী।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালন সাঁইয়ের গান ও দর্শনভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।
