প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে এ নির্মাণকাজের ফলক উন্মোচন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
এ সময় তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দির ঢাকার প্রধান মন্দির। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এটি পরিদর্শনে আসেন। মন্দিরটির পরিবেশ ও অবকাঠামো সুন্দর করার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরতে হবে। প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি মন্দিরের সার্বিক উন্নয়নে সিটি করপোরেশন থেকে অতিরিক্ত ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।
দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির উদ্যোগ তুলে ধরে আবদুস সালাম বলেন, প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি ম-পে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে তেলুগু ও কানপুরি সম্প্রদায়ের প্রায় ৬৮০ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পূজা উপলক্ষে বোনাস দেওয়া হয়েছে।
ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশাসক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।