সিলেট সীমান্তের (৪৮ বিজিবির অধীন) ১৫টি স্পটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ভারতে থেকে অবৈধভাবে আমদানি ও বাংলাদেশ থেকে পাচারকালে অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ি, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, ফল, চুইংগাম, চিনি, কিসমিস, আলু এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকরা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা।
আরও পড়ুন
এর আগে, ২২ অক্টোবর সীমান্তের কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গরু, ফল, কম্বল, কসমেটিকস, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি লেডিস সোয়েটার জব্দ করে। যার সিজার মূল্য ২৭ লাখ ৩৪ হাজার ৯৫৯ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এ সব মালামাল জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
তামান্না রুপা/
