বাসস · ১৭ অক্টোবর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, অবৈধ বসতি সম্প্রসারণ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন এবং তাদের প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে দেশটি।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ফিলিস্তিন প্রশ্নসহ’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান। আজ ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আইরিন খান ফিলিস্তিনি বেসামরিক জনগণের অব্যাহত দুর্ভোগ এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমবর্ধমান তৎপরতার তীব্র নিন্দা জানান।
পশ্চিম তীর ও জেরুজালেমে ভূমি দখল, সহিংসতা এবং অবৈধ বসতি সম্প্রসারণ বৃদ্ধিতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আইরিন খান বলেন, ‘নিরাপত্তা পরিষদে অচলাবস্থার কারণে ইসরাইল দায়মুক্তি নিয়ে কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়েছে।’
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে নিরাপত্তা পরিষদকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার সুরক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি।
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।
ফিলিস্তিনিদের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি নিকটপ্রাচ্যে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানান।
রাষ্ট্রদূত আইরিন খান বলেন, ঝুঁকিতে থাকা ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জরুরি সহায়তা দিতে মানবিক সংস্থাগুলোকে অবশ্যই তাদের কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দিতে হবে।
মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা ও দখলদারিত্বেরও নিন্দা জানান তিনি। এসব কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। লেবাননে জাতিসংঘের পর্যাপ্ত উপস্থিতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এ ক্ষেত্রে বাংলাদেশের সমর্থনের কথাও জানান তিনি।
এ ছাড়া সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। ওই হামলায় বেসামরিক মানুষের পাশাপাশি বাংলাদেশি অভিবাসী কর্মীরাও হতাহত হয়েছেন।
আইরিন খান বলেন, এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে সংঘাতের আরও বিস্তার ঠেকানো এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
গুগলে আমাদের খবর পেতে
