কোনো প্রমাণ ছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ এবং পরবর্তীতে শরণার্থী কার্ড পাওয়ার দাবি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
বুধবার (১৪ অক্টোবর) কুলিমে ‘জাতীয় সুরা আল-হুজুরাত ডিসকোর্স’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি গুজব বা ভিত্তিহীন অভিযোগের জবাব দিতে চাই না। যদি এর পেছনে শক্ত যুক্তি এবং স্পষ্ট প্রমাণ থাকে, তবেই কেবল আমি প্রতিক্রিয়া জানাতে পারব। এখন পর্যন্ত বিষয়টি আমার জানা নেই।"
রোহিঙ্গা শরণার্থীরা ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড পাওয়ার আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছে— এমন দাবির প্রেক্ষিতে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কনটেন্ট ক্রিয়েটরের বাংলাদেশ সফরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
সেখানে এক রোহিঙ্গা ব্যক্তি দাবি করেন, তিনি মালয়েশিয়ায় যাতায়াত করতে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছেন। সাক্ষাৎকারে ওই ব্যক্তি আরও জানান, শুরুতে কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই তিনি মালয়েশিয়ায় ছিলেন। পরে বাংলাদেশ দূতাবাস ও দেশটির ইমিগ্রেশন বিভাগের সহায়তায় তিনি একটি বাংলাদেশি পাসপোর্ট জোগাড় করেন।
বাংলাদেশে বসবাসরত তার বাবা-মা তাকে এই পাসপোর্ট পেতে সাহায্য করেছিলেন বলেও তিনি দাবি করেন।
এদিকে অপর এক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন জানান, মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সির (এমসিবিএ) মহাপরিচালক দাতুক সেরি মোহদ শুহাইলি মোহদ জাইনের বিরুদ্ধে দুই পুলিশ সদস্যকে মারধরের যে অভিযোগ উঠেছে, তার তদন্তভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
