ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৬৩ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯২ জন, চট্টগ্রামে ২২০ জন, খুলনায় ২৫৩ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ২৩৩, রংপুরে ৯৩ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে ৩৫২ জনের প্রাণ গেছে। এর মধ্যে অক্টোবরের ১৮ দিনেই ১০৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ৪৬, চট্টগ্রাম বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ২৭, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ২৬ জন করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
