বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনীত দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। সিরিজ দুটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।
হইচইয়ের জন্য নির্মিত সিরিজ দুটি নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে সম্প্রতি দুই প্ল্যাটফর্মের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায়। এর লক্ষ্য, হইচইয়ের জনপ্রিয় ও প্রশংসিত কনটেন্ট ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া।
চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরে হইচইয়ের নতুন সিরিজগুলো তিনটি ভারতীয় ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পাবে। পাশাপাশি নির্বাচিত কিছু মৌলিক সিরিজের নতুন সংস্করণও তৈরি করা হবে। নেটফ্লিক্সে মুক্তির জন্য নির্বাচিত ১৪টি সিরিজের তালিকায় রয়েছে বাংলাদেশের ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’। হিন্দি সংস্করণে ‘বোহেমিয়ান ঘোড়া’র নাম রাখা হয়েছে ‘শাদি কা সিয়াপা’।
আশফাক নিপুন পরিচালিত ‘মহানগর’-এ ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ঢাকার একটি থানাকে কেন্দ্র করে নির্মিত সিরিজটিতে উঠে এসেছে রাজনৈতিক চাপ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নানা দিক। সিরিজটির দুটি মৌসুম ইতিমধ্যে মুক্তি পেয়েছে।
অন্যদিকে, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’র গল্প ট্রাকচালক আব্বাসকে ঘিরে। সাত জেলায় সাতটি বিয়ে করে স্ত্রীদের কাছ থেকে নিজের সংসারের খবর গোপন রাখে সে। একপর্যায়ে নতুন এক পরিস্থিতিতে জড়িয়ে তার সাজানো জীবনে দেখা দেয় নানা জটিলতা। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ ও সাদিয়া আয়মানসহ অনেকে।
এদিকে, ‘বোহেমিয়ান ঘোড়া’র দ্বিতীয় মৌসুম নির্মাণের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
নেটফ্লিক্সে সিরিজ দুটি যুক্ত হলে বাংলাদেশের পরিচিত গল্প ও অভিনয় আরও বড় পরিসরে ভারতীয় দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
