‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা 'ডাসকো প্রকল্প'র সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা মূল সড়কগুলো প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার শাহাদাত, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
এছাড়া অনুষ্ঠানে ডাসকো ফাউন্ডেশনের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর মো. রুকুনুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মো. সোহেল রানা, সিডিও মো. জাহাঙ্গীর আলম, মনিটরিং অফিসার মো. আলতাফুর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারহানা উর্মি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল জরুরি পরিস্থিতিতে অগ্নিদুর্ঘটনা রোধ ও উদ্ধারবিষয়ক এক বিশেষ সতর্কতামূলক মহড়া প্রদর্শন করে।
জেএইচআর
