পুজোর শুরুতে সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানায়। ভূমিষ্ট হল তিনটি হিমালয়ান গড়াল শাবক। স্বভাবতই খুশির আবহ চিড়িয়াখানা চত্বরে। পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছেও ওই নবজাতকেরা বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
জানা গিয়েছে, শুধু গড়াল নয়। চিড়িয়াখানায় লাল বনমুরগি ও কালিজ ফিজেন্ট-সহ একাধিক পাখির জন্ম হয়েছে। চলতি বছরের শুরুতে সিলভার ফিজেন্ট ও বিরল মিশমি তাকিন-সহ কয়েকটি প্রাণীর প্রজনন ঘিরেও বিশেষ নজরদারি চালানো হয়েছে।
নতুন তিন শাবকের জন্মের পর দার্জিলিং চিড়িয়াখানায় হিমালয়ান গড়ালের সংখ্যা বেড়ে হল প্রায় ২৫। চিড়িয়াখানার এক আধিকারিকের কথায়, দু’সপ্তাহ আগে শাবকগুলির জন্ম হয়েছে। আপাতত তাদের মায়ের কাছে রাখা হয়েছে। পাশাপাশি শাবকগুলির শারীরিক অবস্থা ও নিরাপত্তার দিকে বিশেষ নজর রেখেছেন বনকর্মীরা। জন্মের পর প্রথম কয়েকটি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তাদের পরিচর্যায় কোনও খামতি রাখতে চাইছে না কর্তৃপক্ষ।
পুজোর ছুটিতে ইতিমধ্যে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে দার্জিলিংয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা ভিড় জমাচ্ছেন, তেমনই বিদেশ থেকেও বহু মানুষ পাহাড়ে ছুটি কাটাতে আসছেন। আগামিদিনগুলিতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। ওই পরিস্থিতিতে তিন নতুন শাবকের জন্ম চিড়িয়াখানার আকর্ষণে নতুন মাত্রা যোগ করবে।
জানা গিয়েছে, শুধু গড়াল নয়। চিড়িয়াখানায় লাল বনমুরগি ও কালিজ ফিজেন্ট-সহ একাধিক পাখির জন্ম হয়েছে। চলতি বছরের শুরুতে সিলভার ফিজেন্ট ও বিরল মিশমি তাকিন-সহ কয়েকটি প্রাণীর প্রজনন ঘিরেও বিশেষ নজরদারি চালানো হয়েছে। এমনিতেই বন্যপ্রাণীর সংরক্ষণ ও প্রজননে বিশ্বজুড়ে সুনাম রয়েছে দার্জিলিং চিড়িয়াখানার। বিশেষ করে স্নো লেপার্ড ও রেড পান্ডার প্রজননে সাফল্য এসেছে একাধিকবার। এবার হিমালয়ান গড়ালের তিন শাবকের জন্ম সেই সাফল্যের ধারায় নয়া সংযোজন।
