সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২১০ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৬ জনের।
সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন। গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮০ হাজার ২ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে ২ লাখ ১১ হাজার ৪০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৭২ জনের।
বিআলো/অর্নব