আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খানকে ২২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমানা করা হয়েছে।
আসামিদের মানিলন্ডারিং (অর্থপাচার) প্রতিরোধ আইনে ১২ বছর এবং দণ্ডবিধি আইনে ১০ বছর করে মোট ২২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন
মানিলন্ডারিং আইনে প্রদত্ত কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে দণ্ডবিধি আইনে কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জরিমানার ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।
আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর থেকে দণ্ড কার্যকর হবে।
দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে সাড়ে ৪০০ কোটি টাকার বেশি অর্থপাচারের দায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে। অপরাধে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ অর্থ জরিমানা করা হয়েছে।
এ ছাড়া রায়ের আদেশ অনুযায়ী, পৃথক আইনের দুই ধারায় দেওয়া সাজা একত্রে চলবে। সে ক্ষেত্রে আসামিদের সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৬ আগস্ট মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৫ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।
অভিযোগপত্রে অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা, পাচারের অভিযোগ আনা হয়েছে।
২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করে দুদক।
জলিল উজ্জ্বল/রিফাত/
