ফটিকছড়ি প্রতিনিধি
আপডেট :
১৫ অক্টোবর ২০২৬, ২৩: ১২
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল দাসকে কুপিয়ে জখম করে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগানের প্রবেশমুখে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দুজনকে আটক করে ভূজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।
পুলিশ ও বাগান কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও বাবুল দাস নারায়ণহাট কৃষি ব্যাংক থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন।
বাগানের প্রবেশমুখে তিনজনের একটি ছিনতাইকারী দল তাঁদের গতি রোধ করে বলে অভিযোগ। অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এতে বাধা দিলে নেপাল কান্তি দাশ ও বাবুল দাসকে কুপিয়ে জখম করা হয়।
পঞ্চবটি চা-বাগানের ব্যবস্থাপক অর্জুন কুমার নাথ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত দুজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চা-বাগানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় লোকজন ধাওয়া করে আবু (২৩) নামের একজনকে আটক করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জিহান (২৫) নামের আরও একজনকে আটক করা হয়। পরে তাঁদের ভূজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করা ও ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

