জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন অনুমোদিত কমিটিতে ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নীলফামারীর সন্তান আবু সাঈদ লিওন। এর আগে তিনি দলটির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবু সাঈদ লিওনের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি ভূমিকা রেখে আসছেন।
কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় নীলফামারী জেলায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলার রাজনৈতিক সহকর্মী, ছাত্র-যুব সমাজ ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের অনেকে আশা প্রকাশ করেছেন, আবু সাঈদ লিওনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আবু সাঈদ লিওন বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য গর্বের বিষয়। আমি চেষ্টা করব সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে।”
দলটির একাধিক নেতাকর্মীর মতে, অভিজ্ঞ ও উদ্যমী একজন নেতাকে এ দায়িত্ব দেওয়ায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবু সাঈদ লিওনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। একই সঙ্গে তাঁকে ভবিষ্যতের সম্ভাবনাময় নেতা হিসেবেও উল্লেখ করছেন অনেকে।
এমএ
