Published on
:
1 min read
এই সময়, হাবরা: দশমীর দিন সিঁদুর খেলার শেষে মাকে বিসর্জন দেওয়ার রীতি। বিসর্জনের পর বাঙালিরা সমস্বরে বলে ওঠেন, ‘আসছে বছর আবার হবে’। কিন্তু এর ব্যতিক্রমও আছে। পঞ্চমী থেকে দশমী নিয়ম রীতি মেনেই দেবী দুর্গার পুজো হয় হাবরা বাজার দুর্গামন্দিরে। দশমীর দুপুর থেকেই চলে সিঁদুর খেলা। কিন্তু মায়ের বিসর্জন হয় না। মাতৃ প্রতিমা মন্দিরেই থাকে। দেবীর নিত্যপুজো হয় মন্দিরে।
হাবরা বাজার পাইকারি চাল ব্যবসায়ী, খুচরো চাল ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ী সমিতি মিলে দুর্গামন্দির পরিচালনার জন্য কমিটি গঠন হয়। এই কমিটি গোটা বছর মন্দির পরিচালনার দায়িত্বে থাকে। মহালয়া থেকেই প্রতি বছর মাকে নতুন সাজে সজ্জিত করা হয়। কলাবৌ স্নান করানো থেকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিয়ম রীতি মেনেই পুজো হয়। সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতে মন্দির থেকে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। অষ্টমী পুজোর সময়ে হাজার হাজার মানুষ মন্দিরে এসে অঞ্জলি দেন।
ঐতিহ্যের দিক থেকে হাবরা বাজার দুর্গামন্দির শহরের মানুষের কাছে একটা আবেগের জায়গা। দুর্গামন্দিরে শুধু মায়ের নিত্যপুজো হয় তাই নয়, এই মন্দিরে রাধাগোবিন্দ ও শিবের বিগ্রহ রয়েছে। সেই মন্দিরেও প্রতিদিন পুজো হয়।
