ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি অভিযোগ করেছেন, ৭১ টেলিভিশন তাঁর বক্তব্য বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছে; এর প্রতিবাদ জানিয়ে তিনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন ও গণরায়ের প্রতিফলনের পক্ষে নিজের পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশ করেছেন।
সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘৭১ টেলিভিশনে’ নিজের বক্তব্য বিকৃতভাবে আংশিক প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি এ ধরনের সম্পাদকীয় নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, তাঁর বক্তব্য খণ্ডিত আকারে প্রচার করা পেশাদারিত্বের লঙ্ঘন, তাঁকে জাতির কাছে খাটো করা এবং ভুল বার্তা দেওয়ার অপচেষ্টা ও ষড়যন্ত্র।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদে আমি আমার অবস্থান থেকে ভূমিকা পালন করে আসছি, যা রেকর্ডভুক্ত এবং জাতির কাছে প্রকাশিত। এজন্য আমার বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত করে ৭১ টিভিতে প্রচার করা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।”
জনমনে বিভ্রান্তি দূর করতে নিজের পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “আমি বলেছি, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলেছেন, এটা বাস্তবায়িত হোক। এবং এটা জনরায়ের আলোকেই বাস্তবায়িত হোক।
“এখন বিএনপি যেটা করতে পারে, তারা পদ্ধতিতে আমাদের সঙ্গে ভিন্নমত পোষণ করছে, কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। ওনারা বিলটা আনুক, আমরা দেখি আসলেই ওনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চান কি চান না।
“এরপরে আমাদের আসলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে, আসলেই যদি এটা জুলাই সনদের আলোকেই হয়, গণরায়ের প্রতিফলনটা হয়, তাহলে তো আমাদের এখানে দ্বিমত করার কোনো সুযোগই থাকছে না।
“যে পদ্ধতিতে বিএনপি এটা করছে, এটা টেকসই কোনো পদ্ধতি নয়। কিন্তু জুলাই সনদ যদি সামগ্রিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে আমরা খুশি হব।
“আপনারা এখন একটা কমিটি করেছেন। কমিটি করে এখন আপনারা বলছেন, অংশীজনদের সঙ্গে আপনারা মতবিনিময় করবেন। কী নিয়ে মতবিনিময় করবেন? আপনাদের তো ছয় মাস, এক বছর—অনেক দিন ধরে মতবিনিময় হয়েই তো একটা জুলাই সনদে সকল পক্ষ স্বাক্ষর করেছে। তারপরে এটা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে। নতুন করে মতবিনিময় করা জনমনে সংশয় জন্ম দিচ্ছে। আপনারা কি তাহলে জুলাই সনদের যে সমস্ত বিষয়ে একমত হয়েছেন, সেখান থেকে পিছু হটছেন কি না, নতুন কিছু যোগ করতে চাচ্ছেন কি না?”
