জাপানের এক গদি নির্মাণকারী সংস্থা সেখানকার বাজারে নিয়ে এল এক অদ্ভুত প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় যোগ দিলে শারীরিক কসরত করার কোনও প্রয়োজন নেই। এমনকি, প্রতিযোগীকে আঁকতে, গাইতে, নাচতে বা রচনা লিখতেও হবে না। কেবল ঘুমোতে হবে। কম সময়ের মধ্যে সবচেয়ে ভাল ঘুমোতে পারবেন যে ব্যক্তি, তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে। অদ্ভুত এই প্রতিযোগিতার খবর সমাজমাধ্যমে বিপুল ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, উক্ত সংস্থা ঠিক করে, সবচেয়ে তাড়াতাড়ি গভীর ঘুমে ঢলে পড়তে পারবেন যিনি, তাঁকেই বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে। জাপানের প্রচুর মানুষ অনিদ্রার সমস্যায় ভোগেন। সেই বিষয়টি মাথায় রেখেই গদি নির্মাণকারী সংস্থা এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়। সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েক জন প্রতিযোগীকে প্রায় ৯০ ঘণ্টা পর্যন্ত ঘুমোতে দেখা গিয়েছে!
সংস্থার তরফে বিজয়ীর জন্য প্রায় ১২ লক্ষ টাকা (ভারতীয় মুদ্রায়) পর্যন্ত পুরস্কার নির্ধারিত করা হয়েছে। প্রতিযোগীরা মাথার কাছে স্লিপ মনিটর নিয়ে ঘুমোতে যান। যাতে কে কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছেন, কত ক্ষণ ঘুমোচ্ছেন, সে সমস্ত বিষয়গুলি নজরে রাখা যায়। অনেকে ঘুমোনোর জন্য সঙ্গে করে নরম পুতুলও (সফ্ট টয়) নিয়ে এসেছিলেন। এই প্রতিযোগিতার খবর নেটমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অধিকাংশ নেটাগরিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
