মো. জুয়েল হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীতে সম্প্রীতি ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
ধর্মীয় আচার ও উৎসবের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে তিনি সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ছুটে যান এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে উপহার তুলে দেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগে পৌরসভার জানপুরের শিংপাড়া, বুলবুল ওয়েল মিল, রামগাতি হাওলাদার পাড়া, গোশালার হরিজন কলোনি, রায়পুর ১ নম্বর মিলগেট, মাহমুদপুরের হরিজন কলোনি ও বিনাবাণী এলাকার পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট স্থানগুলোতে প্রায় এক হাজার শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করা হয়। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে এমন উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বইয়ে যায় আনন্দের জোয়ার।
ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, দুর্গোৎসবের এই পবিত্র আনন্দের মাঝে উপহার প্রাপ্তি তাদের মনে গভীর আনন্দের সৃষ্টি করেছে।
ধর্মীয় উৎসবগুলোতে এ ধরনের মানবিক উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
উৎসবের আনন্দ দলমত নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
মানবিকতা ও ধর্মীয় সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে দিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, রাস্ট্র সবার। সিরাজগঞ্জে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করবেন, এটাই আমার ঐকান্তিক চাওয়া।
The post সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে উপহার বিতরণ appeared first on দৈনিক সবুজ বাংলাদেশ.
