চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু নাঈম হোসেন ও সাজ্জাদুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী পূজামণ্ডপ থেকে ফিরছিলেন। সাহেবপুর এলাকায় সড়কের একটি গর্তে পড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রাকিব হাসান বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাবিবকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও মোটরসাইকেল থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
আতিকুল হা-মীম/এসএইচএ
