তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রছবি: X
Published on
:
1 min read
এই সময়: রাজ্যের বর্তমান মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) মনোজ আগরওয়ালকে ‘ভোট চোর’ বলে আক্রমণ করার অভিযোগে কালীঘাট–তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের ওই শব্দবন্ধ ব্যবহারের বিরুদ্ধে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এক্স হ্যান্ডল থেকে সংশ্লিষ্ট দু’টি পোস্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কোর্টের নির্দেশ, ৩ অক্টোবর ও ৬ অক্টোবর করা ওই পোস্ট দু’টি নির্দিষ্ট সময়ের মধ্যে মুছে ফেলতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, বেআইনি ভাবে সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য রাজ্যের বর্তমান মুখ্যসচিবকে একক ভাবে দায়ী করা, তিনি ‘প্রতিটি বেআইনি কাজ করেছেন’ কিংবা কোনও ‘মালিকের নির্দেশে’ কাজ করেছেন— এমন বক্তব্য নতুন করে প্রকাশ, পুনঃপ্রকাশ বা ছড়ানো যাবে না।
তবে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) বা কোনও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তিসঙ্গত সমালোচনায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আগামী বছর ৫ জানুয়ারি পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ কার্যকর থাকবে। ওই দিন মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। তবে আদালত স্পষ্ট করেছে, এই পর্যবেক্ষণ প্রাথমিক এবং মামলার চূড়ান্ত বিচারে তা বাধ্যতামূলক হবে না।
