রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে। একই সঙ্গে সড়কটির উন্নয়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং ও সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি কার্পেটিংয়ের ফিনিশিং যথাযথভাবে সম্পন্ন করা এবং নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাসিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় নাগরিক দুর্ভোগ কমাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। তাঁর নির্দেশনার পর সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হয়।
সড়কের কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিন সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ, পথচারী ও যানবাহনচালকদের ভোগান্তি পোহাতে হয়েছে। এখন চলাচল সহজ হবে এবং রিকশাসহ বিভিন্ন যানবাহনের ক্ষয়ক্ষতিও কমবে।
স্থানীয় বাসিন্দা মো. ফায়সাল আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কটির কাজ বন্ধ ছিল। এতে আমাদের চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর কাজটি দ্রুত শেষ করার উদ্যোগ নেন। সড়কটির কাজ সম্পন্ন হওয়ায় আমরা অনেক খুশি। তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
রিকশাচালক আজিজুল ইসলাম বলেন, “সড়কটি দীর্ঘদিন খারাপ অবস্থায় পড়ে ছিল। রিকশা চালানোর উপযোগী ছিল না। যাত্রী নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হতো, রিকশারও ক্ষতি হতো। এখন সড়কটির কাজ শেষ হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। যাত্রী নিয়ে সহজে চলাচল করতে পারব।”
স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, “একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করেছেন। রাসিক প্রশাসককে ধন্যবাদ জানাই।”
এমএ
