রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ১০৩টি তাজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি)।
আজ বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠের একটি লিচু বাগানের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে যে, লিচু বাগানের পূর্ব পাশে একটি সিমেন্টের বস্তা সন্দেহজনকভাবে পড়ে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে সেখানে অভিযান চালায় এসআরবি।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি খুলে লাল কস্টেপে মোড়ানো ৬৪টি এবং কালো কস্টেপে মোড়ানো ৩৯টিসহ মোট ১০৩টি হাতে তৈরি তাজা ককটেল উদ্ধার করে সিজার লিস্টের (জব্দ তালিকা) মাধ্যমে জব্দ করা হয়।
উদ্ধার করা তাজা ককটেলগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংশ্লিষ্ট কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
