জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) রাজধানীর উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক মানুষ। 'জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের' অভিযোগ তুলে তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলছে।
বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না।
এদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন জিএম কাদেরের সমর্থকেরা। হামলার ফেসবুকে প্রতিবাদ জানিয়ে কয়েক জনকে পোস্ট দিতে দেখা গেছে।
