বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
-->ফাইনালের শেষ বাঁশি বাজতেই একে অপরকে আলিঙ্গনে জড়ালেন বাংলাদেশের খেলোয়াড়েরা। স্কোরবোর্ডে ভারতের কাছে বড় ব্যবধানে হার, তবু সতীর্থদের জড়িয়ে ধরায় ছিল প্রাপ্তির আনন্দ। কারণ, ফেভারিট ভারতের বিপক্ষে ব্যবধান কমিয়ে লড়াই করেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়েছে ভারত।
চার জাতির এই প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। লিগ পর্বেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। প্রথম দেখায় ৪৭-১৩ গোলে হারলেও ফাইনালে ব্যবধান কমেছে।
আরও পড়ুন
প্রথমার্ধে ১৪-৯ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে ব্যবধান আরও বাড়ায় ভারত। গোলের সুযোগ তৈরি করেও ভারতীয় গোলকিপার দিকশা কুমারীর বাধায় বারবার আটকে যায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচসেরাও হয়েছেন দিকশা। টুর্নামেন্টসেরা খেলোয়াড় ভারতের ভাওয়ানা শর্মা।
ফাইনালে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। তিনি জোর দিয়েছেন খেলোয়াড়দের ফিটনেস, শক্তি ও রক্ষণভাগের উন্নতিতে। নিয়মিত অনুশীলনের পাশাপাশি সারা বছর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিয়েছেন স্প্যানিশ এই কোচ।
আরও পড়ুন
অধিনায়ক ইসমেতারা নিশিও মনে করেন, আন্তর্জাতিক ম্যাচের অভাব বাংলাদেশের উন্নতির বড় বাধা। তার কথায়, ২০১৯ সালের পর ২০২৬ সালে এসে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারলে খেলোয়াড়দের দক্ষতা ও ম্যাচের অভিজ্ঞতা বাড়বে।
এর আগে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে নেপাল। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
তোফায়েল/এএফ
আরও পড়ুন
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত
-->বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬।আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় অংশ নেবে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এবিজি স্পোর্টস সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও সূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক্রিকেট ও ফুটবলে আলাদা বিভাগে লড়বে বিশ্ববিদ্যালয়গুলো। দুই খেলাতেই অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রুপ নির্ধারণী লটারিও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
ফুটবলে অংশ নিতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে পাঁচ লাখ টাকা প্রাইজমানি। ক্রিকেট ও ফুটবলের জন্য পৃথকভাবে এই পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, ‘এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ফুটবল ও ক্রিকেট দিয়ে। তবে আমাদের এই যাত্রা শুধু দুটি খেলার মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে আরও নানা ইভেন্ট যুক্ত করে আয়োজনটিকে এগিয়ে নিতে চাই আমরা।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য প্রকাশের সুযোগ তৈরি করা এবং দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার পথ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তার আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে, যারা একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।
আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখবে।
তোফায়েল/এএফ
আরও পড়ুন
আলিসের প্রশ্নবিদ্ধ বোলিং
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম
আলিস আল ইসলাম। ছবি: সংগৃহীত
-->জাতীয় দলে অভিষেকের শুরুটা সুখকর হলো না রহস্য স্পিনার আলিস আল ইসলামের। ওয়ানডেতে প্রথম ম্যাচ খেলার পরই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ কর্মকর্তারা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে এখন আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানায় আইসিসি।
এর আগে বুধবার (২১ অক্টোবর) শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৮.৫ ওভার বল করে ৪৭ রান দিলেও কোনো উইকেট পাননি আলিস।
আরও পড়ুন
আলিসের অ্যাকশন নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালের বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় আসেন তিনি। ওই আসরেই প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন। পরে পরীক্ষা দিয়ে বোলিংয়ের ছাড়পত্র পেলেও ২০২৫ সালের বিপিএলে আবার একই সমস্যায় পড়েন এই স্পিনার। সেবারও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফেরেন মাঠে।
গত মাসে এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন আলিস। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান পোক্ত করার আগেই আবারও অ্যাকশন পরীক্ষার চ্যালেঞ্জের মুখে পড়লেন তিনি।
আরও পড়ুন
চঞ্চল/নাঈম
আরও পড়ুন
ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম
ক্রিকেটার হ্যারি ব্রুক। ছবি: সংগৃহীত
-->ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক, সঙ্গে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। হ্যারি ব্রুকের ব্যাটে রাওয়ালপিন্ডিতে রচিত হলো নতুন ইতিহাস। শ্রীলঙ্কার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ১১৪ বলে দুইশ ছুঁয়ে ভারতের শুবমান গিলের রেকর্ড ভাঙেন ব্রুক।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে দ্বিশতক করেছিলেন গিল। ২১ চার ও ১০ ছক্কায় সাজানো ব্রুকের ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ১৪৪ রান। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের ১৮২। বাউন্ডারি থেকে রানের আগের রেকর্ডটিও ছিল জস বাটলারের; ১২৪।
আরও পড়ুন
শুরুটা অবশ্য ছিল ধীরগতির। প্রথম ২৪ বলে ব্রুকের রান ছিল মাত্র ১৩। পরে ৪২ বলে পঞ্চাশ, ৭৫ বলে শতক এবং ৯৭ বলে দেড়শ পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি থেকে দ্বিশতকে পৌঁছাতে খেলেন মাত্র ৩৯ বল। শ্রীলঙ্কার বিপক্ষেই গত জানুয়ারিতে করা নিজের সর্বোচ্চ ১৩৬ রানও ছাড়িয়ে যান ২৭ বছর বয়সী এই ব্যাটার। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে আগের সর্বোচ্চ ১৫৮ রানের রেকর্ড ছিল অ্যান্ড্রু স্ট্রাউসের।
উইল জ্যাকসের সঙ্গে চতুর্থ উইকেটে ব্রুক গড়েন ৭৯ বলে ১৮৫ রানের জুটি। ৩০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন জ্যাকস। ইংল্যান্ডের ইনিংস থামে ৪ উইকেটে ৪২৯ রানে, যা তাদের ওয়ানডে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ। এর আগে লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ ছিল ২০১৮ সালে কলম্বোয় ৩৫৭ রান।
আরও পড়ুন
শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েলালাগে ৫৬ রানে নেন দুটি উইকেট। তবে রান বিলিয়েছেন অন্য বোলাররা। ইশান মালিঙ্গা ১০ ওভারে দেন ৯১, দিলশান মাদুশাঙ্কা ৮৯ এবং দাসুন শানাকা মাত্র ৬ ওভারেই খরচ করেন ৭৪ রান।
চঞ্চল/নাঈম
আরও পড়ুন
অ্যালেনের অনবদ্য শতকে শক্ত অবস্থানে বিসিবি একাদশ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত
-->কালাম সিদ্দিকী অ্যালেনের ব্যাটে ঝলমলে শতক। সঙ্গে জিশান আলমের আক্রমণাত্মক ৮৬ রান। দুই ব্যাটারের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে শক্ত অবস্থানে পৌঁছেছে বিসিবি একাদশ। এখন পর্যন্ত ৭৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে দলটি। ১৬২ বল খেলে ১০১ রানে অপরাজিত আছেন অ্যালেন।
আজ (২২ অক্টোবর) আনভির ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে টসে হেরে ব্যাটিংয়ে নামে বিসিবি একাদশ। তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি বিসিবি একাদশের। দলীয় ৫ রানের মাথায় ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। তাকে ফিরিয়ে দেন জেইডেন সিলস।
এরপর দলের হাল ধরেন জিশান আলম ও ইফতেখার হোসেন ইফতি। দুজন মিলে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। তবে জিশান ছিলেন বেশি আক্রমণাত্মক। চার-ছক্কার ঝড়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি।
আরও পড়ুন
১০০ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেন জিশান। তার ব্যাট থেকে আসে ১১টি চার ও দুটি ছক্কা। দলীয় ১৪২ রানে জশুয়া বিশপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা পূর্ণ করা হয়নি তার। অন্য প্রান্তে ইফতেখার করেন ১৮ রান। ৬২ বলের ইনিংসটি থামে জোমেল ওয়ারিকানের বলে।
দিনের সেরা পারফরমার কালাম সিদ্দিকী অ্যালিন। চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধৈর্যের পরিচয় দেন। উইকেটে থিতু হয়ে ধীরে ধীরে ইনিংস বড় করেন। সুযোগ পেলেই পাঠান বল সীমানার বাইরে।
আরও পড়ুন
শেষ পর্যন্ত ১৬২ বলে শতক পূর্ণ করেন অ্যালেন। ১৪১ মিনিট ক্রিজে থেকে সাজান নিজের ইনিংস। তার ব্যাট থেকে আসে ১৪টি চার। কোনো ছক্কা ছাড়াই দৃষ্টিনন্দন এই ইনিংস খেলেন তিনি।
অধিনায়ক জাকের আলী অনিকের সঙ্গে গড়েন ৭৪ রানের কার্যকর জুটি। দলের রান বাড়ানোর পাশাপাশি উইকেট আগলে রাখেন দুজনই।
অ্যালেনকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক জাকের আলী অনিক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তোলেন তিনি। ৪৮ বলে ৩০ রান করেন জাকের। তার ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা। তবে জশুয়া বিশপের বলে থামে তার ইনিংস।
এরপর ক্রিজে আসেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। সতর্ক ব্যাটিংয়ে অ্যালেনকে সঙ্গ দিচ্ছেন তিনি। ৭৭ বলে ২৭ রান করে অপরাজিত আছেন রিজওয়ান। দিন শেষে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ভালো অবস্থানে বিসিবি একাদশ।
পাপ্পু/
