ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে ক্লাসে নিকাব পরা এক নারী শিক্ষার্থীকে কটূক্তি ও ছাত্রদের অবমাননার অভিযোগে লাল কার্ড প্রদর্শন ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার ডাকসু এক বিবৃতিতে এ তথ্য জানায়।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে এক নারী শিক্ষার্থী নিকাব পরে আসায় শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব তাকে উদ্দেশ্য করে মৌলবাদী ও সন্ত্রাসী বলে কটূক্তি করেন। এ ছাড়া একই ক্লাসে ছয়জন ছাত্র একটি বেঞ্চে একসঙ্গে বসায় তাদের গরিব আখ্যা দিয়ে চরম উপহাস করেন তিনি।
বিজ্ঞাপন
এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিক্ষিকা ফেসবুক লাইভে এসে ঘটনার মূল সত্যতা এড়িয়ে যান এবং কোনো সদুত্তর বা দুঃখ প্রকাশ না করে একপাক্ষিক ও এআই-নির্ভর সাফাই বক্তব্য দেন। পাশাপাশি শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফাসহ সংশ্লিষ্ট একটি পক্ষ উল্টো সাধারণ শিক্ষার্থীদেরই দোষারোপ করার অপচেষ্টা চালাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিত্বে অবমাননা এবং ঘটনার পক্ষপাতমূলক সাফাইয়ের প্রতিবাদে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান নেন এবং সংশ্লিষ্ট শিক্ষিকাকে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
