ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো. নোমান (৩৮) নামে এক স্থানীয় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে হালুয়াঘাট-ময়মনসিংহ প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত নোমান হালুয়াঘাট উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাঘাইতলা বাজারে ইজারা ও কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১২ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের তেলিখালী বিওপির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে এক কিলোমিটার ভেতরে ঝলঝলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে চোরাচালানের কিছু পণ্য জব্দ করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়।
বিজিবি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে মৌখিক সতর্কতা দেওয়া হয় এবং ফাঁকা গুলি ছোড়া হয়। তবে হামলাকারীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠলে বিজিবির এক সদস্য আহত হন। পরে নিজেদের জীবন ও সরকারি মালামাল রক্ষায় আত্মরক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হন বিজিবি সদস্যরা। এতে নোমান আহত হলে তাঁকে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও বিজিবির ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
ব্যবসায়ী নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে হাজারো স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। তাঁরা সড়কে কাঠের গুঁড়ি ও বিভিন্ন বস্তু ফেলে ব্যারিকেড তৈরি করে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল। পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএ
