শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে বিশেষ একটি ফ্লাইটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পূজামণ্ডপের উদ্দেশে যাত্রাকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় ও সেলফি তোলেন এবং তাদের হাতে ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে তুলে দেন। সরকারপ্রধানকে হঠাৎ কাছে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী নিজ থেকেই বাস থামান এবং শিক্ষার্থীদের সময় দেন। পরে তাদের খেলাধুলার সামগ্রী প্রদান করেন তিনি। অধ্যক্ষ আরও জানান, প্রতিষ্ঠানের অবকাঠামোগত প্রসারে দুটি নতুন ছাত্রাবাস ও একটি মিলনায়তন নির্মাণের দাবি লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে।
দিনের সফরসূচি অনুযায়ী, সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর এসে সড়কপথে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে আকাশপথে রাজশাহী পৌঁছাবেন তিনি। রাজশাহীর নির্ধারিত কর্মসূচি শেষে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যায় চট্টগ্রামের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে রাতেই আকাশপথে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তাঁর।
