নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংক শাখার নৈশপ্রহরী আইনুদ্দীন জানান, নামাজ পড়ার সময় বোমার মতো একটি শব্দ শুনতে পান তিনি। পরে এসে দেখেন, অফিসে দাউদাউ করে আগুন জ্বলছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
শাখাটির প্রবাহ অফিসার রঞ্জন কুমার কুন্ড জানান, বুধবার ভোররাতে নৈশপ্রহরী মুঠোফোনে অগ্নিকাণ্ডের খবর দিলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতলও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যাংক শাখাটি পরিদর্শন করেন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আগুনের ঘটনাটি তদন্তাধীন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
