রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে ব্যাংক তিনটির বর্তমান এমডিদের নিয়োগের অবশিষ্ট সময় আর কার্যকর থাকছে না।
নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।
সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলাম তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর এখন সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত বিধিবিধান অনুসারে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তবে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
The post সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল appeared first on ভোরের চেতনা.
