দীর্ঘ তিন দশক ধরে সাপ নিয়ে খেলা দেখিয়ে ও ওঝার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন ৫৫ বছর বয়সী লোগেন হাসদা। কিন্তু শেষ পর্যন্ত যে সাপকে ঘিরে তার জীবন ও জীবিকা ছিল, সেই সাপের কামড়েই প্রাণ হারাতে হলো এই অভিজ্ঞ সাপুড়েকে। নিজ বাড়িতে সাপ খেলার প্রস্তুতি নেওয়ার সময় ঘটা এই আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে সাপ খেলা দেখানোর উদ্দেশ্যে কাঠের বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। এ সময় বাক্সে থাকা একটি বিষধর ‘মাছাওলি’ সাপ তার হাতে কামড় দেয়। মুহূর্তেই আনন্দের প্রস্তুতি রূপ নেয় বিষাক্ত আতঙ্কে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে গুরুতর আহত হওয়ার পর লোগেন হাসদাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘ ৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন করা এবং ওঝা হিসেবে পরিচিত লোগেন হাসদার এমন আকস্মিক ও করুণ পরিণতিতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৯ অক্টোবর ২০২৬
১৯ অক্টোবর ২০২৬
১৮ অক্টোবর ২০২৬
