মালদা: সময়ের সঙ্গে অবসান হয়েছে জমিদারি প্রথার, কিন্তু হারিয়ে যায়নি জমিদার বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য। প্রায় ১৫০ বছরের স্মৃতি জড়িয়ে থাকা এই পুজো বর্তমানে পরিচালনা করছে বুলবুলচণ্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাব (এম এম সি)। এবছর ৬৩তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটে মণ্ডপসজ্জায় থাকছে টেরাকোটা শিল্পের কারুকার্য। বাঁশের তৈরি উপকরণ, ডালি, কুলো, চালুনের মতো গ্রামবাংলার পরিচিত সামগ্রী দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে লোকজ শিল্প ও গ্রামীণ সংস্কৃতির ছবি। একসময় জমিদার ব্রজলাল রায়ের হাত ধরে শুরু হওয়া এই পুজো নানা উত্থান-পতনের সাক্ষী। ১৯৫৪ সালে জমিদার পরিবারের পক্ষ থেকে পুজো বন্ধ হয়ে যাওয়ার পর পরবর্তীকালে ক্লাবের উদ্যোগে নতুন করে শুরু হয় দুর্গোৎসব। আজও এলাকার মানুষের সহযোগিতায় বয়ে চলেছে ঐতিহ্যের সেই ধারা।